মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন।
বক্তব্যে স্থানীয় সাংগঠনিক কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী গত ছয় মাস ধরে বিএনপির একটি অংশের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছেন। এ বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি নিতাই রায় চৌধুরীকে ব্যক্তিগতভাবে ভালো মানুষ উল্লেখ করে বলেন, তাকে তারা সম্মান করেন। কিন্তু অনেক সময় তিনি সরাসরি সবার কথা না শুনে অন্যদের কথায় প্রভাবিত হন, যা তাদের মর্মাহত করে।
সভায় আরও বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামান মনা সরদার, সিদ্দিক মোল্লা, অদুৎ বিশ্বাস, ধনেশ্বরগাতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছবেদ আলী বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় জেলা যুবদলের সদস্য রিয়াজ মোল্লা ও অরূপ সাহা, উপজেলা যুবদলের সদস্য মহাসিন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সুজায়েত হোসেন সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরেশ রায় ও সদস্য সচিব মো. তিতাস বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শালিখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।