নারায়ণগঞ্জের রূপগঞ্জে চোরাই মোবাইল কেনাবেচা চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে উপজেলার মীরকুটিরছেও এলাকায় প্রাইম স্টিল মিলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার খড়াসার এলাকার মৃত ইদন মিয়ার ছেলে আরমান হোসেন (৩২) এবং ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু থানার কোবরাপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে হৃদয় ইসলাম (৩১)।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে রূপগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন আহমেদ।
তিনি জানান, গ্রেপ্তার দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে তথ্য ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে প্রাইম স্টিল মিলের সামনে অভিযান পরিচালনা করে আরমান হোসেন ও হৃদয় ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে ৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ওসি এএইচএম সালাউদ্দিন আহমেদ আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হবে।