নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজশিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার পলখান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫-১৬ জন দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যান।
বাবুল মিয়াকে না পেয়ে একটি দোকানে বসে থাকা তার কলেজপড়ুয়া ছেলে আলতাফ হোসেন ডিজান ও সিফাত হোসেনের ওপর হামলা চালানো হয়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। তাদের রক্ষা করতে এগিয়ে এলে সাত্তার নামে আরও এক যুবককে কুপিয়ে জখম করা হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আলতাফ হোসেন ডিজানের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ওসি এএইচএম সালাউদ্দিন জানান, হামলায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।